শিরোনাম

প্রতিবন্ধী ডাব ব্যবসায়ীর কর্মীকে কুপিয়ে জখম, মামলা করায় হুমকির অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

ডাব কেনাবেচা নিয়ে কথা কাটাকাটির জেরে লক্ষ্মীপুরে প্রতিবন্ধী এক ডাব ব্যবসায়ীর কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর বাদীকে প্রাণনাশ ও ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী প্রতিবন্ধী রাকিবুল হাসান। তিনি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মকরধ্বজ গ্রামের আবুল কাশেমের ছেলে।

রাকিবুল হাসানের অভিযোগ, তার কর্মী আরমান হোসেনকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত স্থানীয় মাহফুজকে মামলার আসামি করায় তিনি বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দিচ্ছেন।

রাকিবুল জানান, তিনি দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ডাব সংগ্রহ করে পাইকারি বিক্রি করেন। আরমান তার কর্মচারী। অভিযুক্ত আরিফ হোসেনের কাছ থেকে তিনি আগে থেকেই ডাব কিনে আসছিলেন। ব্যবসায়িক লেনদেন থাকায় আরিফের কাছে তার এক হাজার টাকা পাওনা ছিল।

তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর সকালে আরমান ডাব কিনতে আরিফের বাড়িতে যান। এ সময় আরিফ ডাব বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে আরিফ একটি ধারালো দা দিয়ে আরমানকে উপর্যুপরি আঘাত করেন। এতে আরমান গুরুতর রক্তাক্ত জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয় বলে জানান রাকিবুল।

সংবাদ সম্মেলনে রাকিবুল আরও বলেন, আসামি আরিফ ও মাহফুজ একই এলাকার বাসিন্দা। আরমানের ওপর হামলা মাহফুজের ইন্ধনে হয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, এর আগে মাহফুজ তার কাছে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মাহফুজ তার ওপর ক্ষিপ্ত ছিলেন এবং তাকে ব্যবসা করতে দেবেন না বলে হুমকি দিয়েছিলেন।

রাকিবুল বলেন, ‘এ কারণেই আমার কর্মচারীর ওপর হামলা হয়েছে। হামলার ঘটনায় আমি মামলা করায় মাহফুজ বিভিন্ন মাধ্যমে আমার ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।’

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগরে রাকিবুলের কর্মী আরমান হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন গৌরিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৩৮) এবং মোশারফ ভূঁইয়ার ছেলে মো. মাহফুজ (২২)।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামির বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

No comments