শিরোনাম

ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ

চ্যানেল টেন ডেস্কঃ

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের ওভারব্রিজের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে হঠাৎ ওভারব্রিজের নিচে বিকট শব্দ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে ধোঁয়া দেখতে পান। পরে তারা বুঝতে পারেন, সেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা কেউ দেখতে পারেননি।

প্রত্যক্ষদর্শী মো. হাবিব বলেন, আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে মনে হয়েছিল গাড়ির চাকা ফেটে গেছে। পরে সামনে গিয়ে দেখি চারপাশ ধোঁয়ায় ভরে গেছে। তখন বুঝতে পারি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, তা দেখতে পারিনি।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্ভবত মোটরসাইকেলে করে এসে বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগেও নির্বাচনের আগে এরকম ২-৩ টা ঘটনা ঘটিয়েছে। যারা এই কাজ করেছে তাদের শনাক্ত করতে আসেপাশের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশের একটি দল এবং এস.আর.বি ( র‍্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ, সদ্য পরিবর্তিত নাম) বিস্ফোরণ এলাকা পরিদর্শন করেন।

No comments