বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম. হারুনুর রশিদ চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলার আসামি হয়ে হারুনুর রশিদ চৌধুরী দেশের বাইরে অবস্থান করছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দুবাই ও আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা-বাণিজ্য শুরু করেন বলে জানা গেছে।
সম্প্রতি ব্যাংকক হয়ে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বাঁশখালী থানার (ওসি) রবিউল হক বলেন, হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
ওসি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা ও ৫ আগস্টের ঘটনাসহ ৬ থেকে ৭টি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments