শিরোনাম

‘১৫ হাজার শিশু নিখোঁজ’-এই সংবাদের বিষয়ে যে ব্যাখ্যা দিলো পুলিশ

চ্যানেল টেন ডেস্কঃ

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দফতর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানায়, প্রকাশিত সংবাদগুলোতে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা—কতজন উদ্ধার হয়েছে এবং কতজন পরিবারের কাছে ফিরে এসেছে—এমন তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের প্রকৃত চিত্র পুরোপুরি প্রতিফলিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি স্পষ্ট করতে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানাগুলোর মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এতে দেখা গেছে, জানুয়ারি থেকে জুলাই ২০২৬ পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে, আর ৬৮ জন এখনও উদ্ধার হয়নি।

অন্যদিকে, একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনও উদ্ধার হয়নি।

সব মিলিয়ে ওই সময়ে ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজের তথ্য পাওয়া গেলেও উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন। অর্থাৎ মোট নিখোঁজের প্রায় ১৩ শতাংশ শিশু এখনও উদ্ধার হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত এলাকায় গিয়ে পথ হারানো, নিজের নাম-ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে অভিমান, পড়াশোনার চাপ, পারিবারিক কলহ ও অশান্তি, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবে বাড়ি থেকে চলে যাওয়ার মতো কারণ দেখা যায়।

এ ছাড়া অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর লজ্জার কারণে আত্মগোপন, পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা এবং বিভিন্ন ব্যক্তিগত কারণেও এ বয়সী শিশুরা নিখোঁজ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দফতর বলছে, বর্তমানে পুলিশি সেবা সহজ করার অংশ হিসেবে অনলাইন জিডি ব্যবস্থা চালু রয়েছে। এর ফলে সাধারণ ডায়েরির সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৫৫০টিতে।

তাই শুধু নিখোঁজের মোট সংখ্যা নয়, এর মধ্যে কতজন উদ্ধার হয়েছে এবং কতজন এখনো নিখোঁজ—এই তথ্যও বিবেচনায় নেওয়া জরুরি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

No comments