শিরোনাম

বাকপ্রতিবন্ধীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চ্যানেল টেন ডেস্কঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আলোচিত বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম(৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা আদালত।

বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামির বাড়ি গ্রামের নবিয়ার রহমানের ছেলে।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে ০৪ আগষ্ট শহিদুল হাতীবান্ধা উপজেলায় শশুর বাড়িতে বেড়াতে যান। এসময় ওই বাড়ি ফাঁকা পেয়ে শ্বশুর বাড়ির পাশের এক বাকপ্রতিবন্ধি শিশুকে (১০) মোবাইলে ছবি দেখানোর কথা বলে শশুর বাড়িতে ডেকে নেয় ও জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশু বিবস্ত্র অবস্থায় দৌড়ে কান্না করতে করতে বাড়িতে ফিরে যায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে হাতীবান্ধা থানায় শহিদুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ শুনানী শেষে বুধবার অভিযুক্ত শহিদুলের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, এ মামলাটি আলোচিত ও ন্যাক্কারজনক ঘটনা। বাকপ্রতিবন্ধী শিশুটিকে আসামি মোবাইলে ছবি দেখানোর কথা বলে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। বিজ্ঞ আদালত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।এ রায়টি একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

No comments