শিরোনাম

এ মাসেও থাকতে পারে গ্যাসের সংকট!

চ্যানেল টেন ডেস্কঃ

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের জন্য এলএনজি সরবরাহে কোনো কোম্পানি সাড়া দেয়নি। আর শেষ সপ্তাহের দুটি কার্গোর জন্য সরবরাহকারীরা প্রতি ইউনিট ২৫ দশমিক ৯২ ডলার দাম চেয়েছেন, যা বাজারদরের তুলনায় অস্বাভাবিক বেশি। ফলে চলতি মাসের শুরু ও দ্বিতীয় সপ্তাহে গ্যাস রেশনিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, সোমবার স্পট মার্কেটে চার কার্গো এলএনজি কেনার টেন্ডার খুলে এ পরিস্থিতির মুখে পড়ে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল)। ৮-৯ সেপ্টেম্বর এবং ১-২ অক্টোবর সরবরাহের জন্য কোনো দরদাতা পাওয়া যায়নি। ২৫-২৬ সেপ্টেম্বর ও ৫-৬ অক্টোবরের দুটি কার্গোর জন্য দর পড়ে ২৫ দশমিক ৯২ ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সেপ্টেম্বরে জাপান-কোরিয়া প্রাইস ইনডেক্সে (জেকেএম) এলএনজির দাম ২২ দশমিক ৯৫ থেকে ২৩ দশমিক ৫০ ডলারের মধ্যে। সেখানে প্রায় ২৬ ডলারে কার্গো কেনা হলে সরকারের লোকসান আরও বাড়বে। একটি কার্গো কিনতেই বর্তমানে প্রায় ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ কোটি টাকা খরচ হয়।

এদিকে সেপ্টেম্বরজুড়ে গ্যাস সরবরাহ বাড়াতে আরও দুটি কার্গো প্রয়োজন। বর্তমানে দেশে দৈনিক প্রায় ২৩৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা। এর মধ্যে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে আসছে ৭১ কোটি ঘনফুটের বেশি।

এলএনজির উচ্চমূল্যে প্রতি মাসে সরকারের লোকসান হচ্ছে প্রায় ৪ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৮০০ কোটি টাকা। গত অর্থবছরে এলএনজি আমদানিতে লোকসান হয়েছিলো প্রায় ১৭ হাজার কোটি টাকা। চলতি বছর তা ৪০ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার ও ওমান থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশকে বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে।

No comments