শিরোনাম

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ইনফ্লুয়েন্সার কারসন ডিন গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্কঃ

শিশুদের অনৈতিক প্রস্তাব দেওয়া এবং পর্নোগ্রাফি সংক্রান্ত গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার কারসন ডিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাউন্ট প্লেসেন্টের বাসিন্দা এই কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মোট ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে আদালত তাকে দশ লাখ ডলারের মুচলেকায় জামিনের নির্দেশ দেন।

ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েড চিলড্রেন (NCMEC)-এর একটি সাইবার টিপলাইন রিপোর্ট পাওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু হয়।

মাউন্ট প্লেসেন্ট পুলিশ বিভাগের ইন্টারনেট ক্রাইমস এগেইনস্ট চিলড্রেন টাস্ক ফোর্সের তদন্তকারীরা তার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশ তার বাসা থেকে দুটি আইফোন ও একটি কম্পিউটার জব্দ করে। তদন্তকারীদের দাবি, জব্দ করা ডিভাইসগুলোতে শিশুদের যৌন নির্যাতনের ফুটেজ পাওয়া গেছে, যার মধ্যে চার বছর বয়সী এক শিশুকে নিয়ে তৈরি করা ১২ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে।

গত ১০ সেপ্টেম্বর কারসন ডিনকে গ্রেপ্তার করে আল ক্যানন কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আনা মোট ছয়টি অভিযোগের ভিত্তিতে আদালত দশ লাখ ডলারের বন্ড নির্ধারণ করেন।

এর মধ্যে প্রতিটি যৌন নির্যাতনের অপরাধের জন্য দেড় লাখ ডলার এবং প্ররোচনার অপরাধের জন্য আড়াই লাখ ডলার বন্ড ধার্য করা হয়। পরবর্তীতে এই শর্ত পূরণ করে তিনি কারাগার থেকে মুক্তি পান।

২০২২ সালের আগস্ট মাসে টিকটকে ভিডিও তৈরির মাধ্যমে আত্মপ্রকাশ করেন কারসন ডিন। নাচে ও লিপ-সিংক ভিডিওর সুবাদে তিনি দ্রুত পরিচিতি লাভ করেন।

গ্রেপ্তারের আগ পর্যন্ত টিকটকে তার ৪ লাখ ২০ হাজার এবং ইনস্টাগ্রামে প্রায় দেড় লাখ অনুসারী ছিল। তবে এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের ঘটনায় তার অনলাইন ক্যারিয়ার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

No comments