সরকারি সিদ্ধান্তে জজ পদায়ন মানছেন না সরকারী পিপি!
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বগুড়ার নতুন সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে মো. মনিরুজ্জামানকে পদায়ন করা হলেও তাঁর যোগদানের প্রথম দিনেই বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছে আদালতপাড়া। পদায়ন বাতিলের দাবিতে আদালত বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি। এতে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদও আদালত বর্জন কর্মসূচিতে অংশ নেন বলে অভিযোগ করেছেন আইনজীবীদের একটি পক্ষ।
বুধবার দুপুরে নতুন জেলা জজ মো. মনিরুজ্জামান এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করলে আদালত বর্জনের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হট্টগোল ও ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারক শুনানি স্থগিত করে এজলাস ত্যাগ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে মো. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে আদালতের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন জেলা আইনজীবী সমিতির নেতারা। সেখান থেকে পদায়ন বাতিল না হওয়া পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়।
আইনজীবীদের একটি পক্ষের দাবি, প্রধান বিচারপতির সম্মতিতে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে একজন নতুন জেলা ও দায়রা জজকে পদায়ন করা হয়েছে। অথচ সেই সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে সরকারি পিপির আদালত বর্জনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, সাধারণ আইনজীবীদের একটি অংশ আদালত বর্জন কর্মসূচিতে একমত না হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে একপর্যায়ে তাদের সঙ্গে বার সমিতির নেতাদের ধস্তাধস্তি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে এজলাসে ওঠেন নতুন জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান। এ সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব একটি মামলার শুনানির আবেদন করেন। বিচারক আবেদনটি মঞ্জুর করে শুনানি শেষ করেন। পরে আরেকটি মামলার শুনানি শুরু হলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন আইনজীবী বিচারিক কার্যক্রমে আপত্তি জানান।
এ নিয়ে পক্ষে-বিপক্ষে থাকা আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিচারক শুনানি স্থগিত করে এজলাস ত্যাগ করেন। পরে আদালত চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।
আদালত বর্জনের বিরোধিতাকারী আইনজীবীদের ভাষ্য, দীর্ঘদিন বগুড়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ না থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি হচ্ছিল। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন জেলা জজ দায়িত্ব নেওয়ার পর বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে দেওয়া উচিত। তাই তারা আদালত বর্জনের সিদ্ধান্ত না মেনে শুনানিতে অংশ নেন।
অন্যদিকে জেলা আইনজীবী সমিতির নেতাদের অভিযোগ, মো. মনিরুজ্জামান এর আগে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনজীবী ও আদালতের কর্মচারীদের আন্দোলনের মুখে তাঁকে বগুড়া থেকে প্রত্যাহার করা হয়েছিল বলেও দাবি করেন তারা। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁর নতুন পদায়ন বাতিলের দাবি জানানো হচ্ছে।
বগুড়া বারের সাধারণ আইনজীবীদের দাবি, ২০/০৩/২০১৭ তারিখে বগুড়া বারের সিদ্ধান্ত অনুযায়ী কোর্ট বর্জন করতে হলে সাধারণ সভায় প্রকাশ্যে সিদ্ধান্ত গ্রহণ শেষে বর্জনের আল্টিমেটাম দিতে হবে। কিন্তু এখানে সভা বা আল্টিমেটাম দেয়া হয়নি।এমনকি সাধারণ সদস্যদের অবহিতও করা হয়নি।
তারা আরো দাবি করেন, বগুড়া বারের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেই সকালে জেলা জজের সাথে খাস কামরায় দেখা করে এজলাসে বসে দিয়েছেন। আবার তারাই আমাদের শুনানিতে অংশ নিতে বাঁধা দিচ্ছে।
এবিষয়ে পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল বাছেদ বলেন, ফ্যাসিবাদের দোসর এই জজ। এজন্য বিএনপিপন্হী আইনজীবী কোর্ট বর্জন করেছে। তার বদলী না হওয়া পর্যন্ত কোর্ট বর্জন করবে। পিপি হয়ে সরকারী সিদ্ধান্ত অমান্য করে কোর্ট বর্জন করতে পারেন কিনা, এমন প্রশ্নে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
এদিকে সরকারি পদায়নের বিরোধিতা করে সরকারি পিপির আদালত বর্জনে অংশ নেওয়া এবং সাধারণ আইনজীবীদের একাংশের আদালত সচল রাখার অবস্থান—এই দুই বিপরীত অবস্থানকে কেন্দ্র করে বগুড়ার আদালতপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

No comments