বগুড়ার সাতমাথায় বিকট শব্দ, পটকা ফোটানো নিয়ে আতঙ্ক
বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পটকা ফোটানোর আলামত পেয়েছে। তবে কে বা কারা সেখানে পটকা ফুটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে সাতমাথার বীরশ্রেষ্ঠ শহীদ স্মৃতি স্তম্ভের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সাতমাথায় বীরশ্রেষ্ঠ শহীদ স্মৃতি স্তম্ভের পাশে দুই শিশু অবস্থান করছিল। একই সময়ে পাশের জুলাই শহীদ স্তম্ভে এনসিপির একটি কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ বীরশ্রেষ্ঠ শহীদ স্মৃতি স্তম্ভের কাছে বিকট শব্দ হয়। এতে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শব্দের উৎসের দিকে গিয়ে স্থানীয়রা দুই শিশুকে দৌড়ে চলে যেতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। সেখানে পাওয়া আলামত দেখে পুলিশ প্রাথমিকভাবে এটিকে পটকার শব্দ বলে জানিয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাতমাথা চত্বরে দুটি শব্দ শোনার খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।
তিনি বলেন, ঘটনাস্থলে থাকা বগুড়া সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জানা যায়, শব্দ শোনার পর তারা গোলচত্বরে যান। সেখানে ৭-৯ বছর বয়সী একটি ছেলে ও মেয়েকে দৌড়ে চলে যেতে দেখা যায়।
ওসি বলেন, শিশু দুটি খেলার ছলে এমনটি করেছে, নাকি কোনো দুষ্কৃতকারী তাদের দিয়ে ঘটনাটি ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ খারাপ উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে শিশু দুটিকে শনাক্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থল থেকে পাওয়া আলামত দেখে মনে হচ্ছে, এটি পটকা।

No comments