বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার জংশনে পৌঁছালে পেছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে সান্তাহার জংশন কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল বলেন, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেনটি উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ওসি দুলাল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

No comments