বিয়ের তিন দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইকন নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইকনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ইকনের চাচাতো ভাই রুবেল বলেন, ‘মাত্র তিন দিন আগে ইকনের বিয়ে হয়েছে। নতুন সংসার শুরু হতে না হতেই এমন ঘটনা মেনে নেওয়া খুবই কঠিন। পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছেন।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

No comments