শিরোনাম

‘আওয়াজ’ প্ল্যাটফর্মে উঠে এলো শিশু নিপীড়নের রোমহর্ষক নানা অভিযোগ

চ্যানেল টেন ডেস্কঃ

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ওপর যৌন নিপীড়নের প্রকৃত চিত্র তুলে ধরতে চালু হয়েছে ‘আওয়াজ ডট বিডি’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম। গত ৭ সেপ্টেম্বর চালুর পর মাত্র দুই দিনের মধ্যেই প্ল্যাটফর্মটিতে ৯৩টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে শৈশবে যৌন নিপীড়নের ভয়াবহ অভিজ্ঞতার পাশাপাশি পরিচিত ব্যক্তি, আত্মীয়, শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে।

প্ল্যাটফর্মটিতে প্রবেশ করলে ‘আওয়াজ উঠাও’ বার্তার সঙ্গে বলা হচ্ছে, ‘আপনার নীরবতা অপরাধকে প্রশ্রয় দেয়, আপনার তথ্য অপরাধ দমনে সহায়তা করে।’ উদ্যোক্তাদের দাবি, মানুষের দেওয়া বেনামি তথ্য বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশে, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিশু যৌন নিপীড়নের প্রকৃত মাত্রা বোঝার চেষ্টা করা হচ্ছে।

আওয়াজ ডট বিডিতে কোনো অভিযোগকারীর নাম, ছবি বা পরিচয় প্রকাশ করা হয় না। উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি কোনো কুকি বা ট্র্যাকিং ব্যবহার করে না এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণও করা হয় না।

গত ৭ সেপ্টেম্বর বিকেলে প্ল্যাটফর্মটি চালুর পর ৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ৯৩টি রিপোর্ট জমা পড়ে। সময়ের সঙ্গে রিপোর্টের সংখ্যা বাড়ছে। উদ্যোক্তারা জানান, মূলত ছেলেশিশুদের যৌন নিপীড়নের ঘটনা সামনে আনার লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছিল। তবে চালুর পর মেয়েরাও সেখানে তাদের শৈশবের নিপীড়নের অভিজ্ঞতা জানাচ্ছেন।

প্ল্যাটফর্মে দেওয়া একটি অভিযোগে এক ব্যক্তি জানান, হিফজখানায় পড়ার সময় এক সহপাঠীর মাধ্যমে তিনি যৌন নিপীড়নের শিকার হন। ঘুমানোর সময় কয়েক দফা তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ও যৌন হয়রানি করা হলেও ছোট থাকায় কাউকে বিষয়টি জানাতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।

বর্ণনায় ওই ব্যক্তি লিখেন, ‘হিফজখানার এক ক্লাসমেট আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল, খাতির ছিল বেশি আর কি। পাশাপাশি ঘুমানোর কারণে একদিন ঘুমের ভেতর দেখি সে আমার মশারির ভেতর চলে এসেছে। প্রথমদিন তেমন কিছু করেনি। এর কয়েকদিন পর ঘুমের ভেতর অনুভব করি তার ... আমার পেছনে ঘষছে। কিছুক্ষণ ঘষাঘষি করে ...পাত করে চলে যায়। কয়েকদিন এগুলো করেছে। আমি কাউকে কিছু বলতে পারিনি কোনো দিন।’

আরেকটি প্রতিবেদনে এক ব্যক্তি দাবি করেছেন, শৈশবে পরিচিত ও অপরিচিত একাধিক ব্যক্তির মাধ্যমে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং পিএইচডি ডিগ্রিধারী বলেও নিজের পরিচয়ে উল্লেখ করেছেন।

তিনি তার অভিযোগে বলেন, ‘৮০’র দশকে আমার বেড়ে ওঠা। একজন ধর্মীয় স্কুল শিক্ষকের সন্তান আমি এবং একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলাম। আর্থিকভাবেও আমরা গ্রামে বেশ প্রভাবশালী ছিলাম। যাইহোক, শৈশবে আমি একাধিকবার পরিচিত ও অপরিচিত বিভিন্ন ব‍্যক্তির মাধ্যমে যৌন নির্যাতন মানে বলাৎকারের শিকার হয়েছিলাম।’

এক নারী অভিযোগে জানিয়েছেন, সাত থেকে নয় বছর বয়সে একজন প্রাইভেট টিউটরের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার হন তিনি। ছোট থাকায় তখন কাউকে বিষয়টি বলতে পারেননি। ওই ঘটনার পর থেকেই ওই ব্যক্তির প্রতি তার মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয় বলে জানান তিনি।

ওই নারী বলেন, ‘আমি তখন একজনের কাছে প্রাইভেট পড়তাম। আমার প্রাইভেট টিউটর আমার বুকে হাত দিত। তখন ছোট ছিলাম কাউকে বলতে পারতাম না। কিন্তু তার প্রতি একটা ঘৃণা জন্ম নিয়েছিল।’

আরেক অভিযোগে এক নারী বলেন, ‘ছোটবেলায় এক পরিচিত দোকানদারের কাছে চিপস, চকলেট, আইসক্রিম এগুলো কিনতে যেতাম। উনি আমাকে আদর করে ডেকে কোমরে স্পর্শ করেছিলেন। চার-পাঁচবার হয়েছিল এরকম। উনি পরিচিত মানুষ ছিলেন। ছোট আমার অস্বস্তি হলেও বুঝতে পারিনি যে, কেন টাচ করেন। আস্তে বুঝতে শিখেছিলাম যে আসলে ব্যাড টাচ ছিল। সব আমাদের পিতা-মাতার দোষ। এ বয়সে এসব আমরা কীভাবেইবা বুঝবো যদি আমাদের না বোঝানো হয়? আরও নিকৃষ্ট কিছু হলেও কি বুঝতাম? নিজ সন্তানকে ছোট থেকেই সব শিখাব। যেন এমন কোনো অভিজ্ঞতা না হয়।’

প্ল্যাটফর্মে দেওয়া আরেকটি অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এক ‘ব্যাংক ম্যানেজারের’ বিরুদ্ধে গুরুতর যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী দাবি করে বলেন, ‘পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ব্যাংক ম্যানেজার আমাকে প্রতিদিন ছলে বলে কৌশলে ডিস্টার্ব করে। সে আমাকে ৫০ বারের উপর ধর্ষণ করেছে। আমাকে বাঁচান প্লিজ।’

এক নারী শিক্ষিকার কাছে প্রাইভেট পড়ার সময় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক পুরুষ ব্যক্তি। তার দাবি, ‘ম্যাডাম আমার স্কুলের শিক্ষিকা ছিলেন। ওনার কাছে প্রাইভেট পড়তাম ওনার বাসায় গিয়ে। আমরা ছেলে-মেয়ে মিলে ৪-৫ জন পড়তাম ওনার কাছে। উনি মাঝে মাঝেই অন্যদের আগে ছুটি দিয়ে আমাকে বেশি পড়ানোর নামে থাকতে বলতেন। আবার মাঝে মাঝে অন্য কোনো ছেলেকে বেশি পড়ানোর নামে আমাদের ছুটি দিয়ে দিতেন। অন্যদের কথা জানি না। কিন্তু যখন আমাকে রাখতেন তখন প্রথম প্রথম কিছুই করতেন না। কিন্তু একদিন হঠাৎ পানি খাবার নাম করে আমার প্যান্টে পানি ঢেলে দেন। তারপর সেই প্যান্ট শুকানোর নাম করে জোর করে আমার প্যান্ট খুলে আমার **** নিয়ে.......। আর বলতে পারছি না। এরকম কয়েকবার করেছেন। তারপর আমি আর ওনার কাছে যাইনি। উনি অবিবাহিত ছিলেন।’

আওয়াজ ডট বিডিতে জমা পড়া তথ্যের পরিসংখ্যানে দেখা যায়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে পাওয়া অভিযোগের মধ্যে সবচেয়ে বেশি ১৮টি বা ৬২ শতাংশ কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট। স্কুল থেকে চারটি, বিশ্ববিদ্যালয় থেকে একটি, আলিয়া মাদ্রাসা থেকে একটি এবং মসজিদকে ঘিরে তিনটি অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিপীড়নকারীদের একটি বড় অংশ ভুক্তভোগীদের পরিচিত। ছেলেশিশুদের ক্ষেত্রে পরিচিত ছেলেদের বিরুদ্ধে ২৩টি, বিশ্বস্ত পরিচিত ছেলেদের বিরুদ্ধে ১৫টি, দূর সম্পর্কের আত্মীয়দের বিরুদ্ধে ছয়টি এবং নিকটাত্মীয়দের বিরুদ্ধে সাতটি অভিযোগ রয়েছে। অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আটটি।

মেয়েশিশুদের ক্ষেত্রেও পরিচিত ও আত্মীয়দের মাধ্যমে নিপীড়নের অভিযোগ উল্লেখযোগ্য। তাদের মধ্যে দূর সম্পর্কের আত্মীয়দের বিরুদ্ধে আটটি, নিকটাত্মীয়দের বিরুদ্ধে পাঁচটি এবং পরিচিত ও বিশ্বস্ত পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে।

প্ল্যাটফর্মটির পরিসংখ্যানে বলা হয়েছে, মোট অভিযোগের ১৩ শতাংশ নিকটাত্মীয়ের মাধ্যমে সংঘটিত এবং প্রায় প্রতি পাঁচজন ভুক্তভোগীর একজন নিকটাত্মীয়ের কারও মাধ্যমে নিপীড়নের শিকার হয়েছেন।

বয়সভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের নিয়ে। এ বয়সী ভুক্তভোগীর সংখ্যা ২৫, যা মোট রিপোর্টের ৩০ শতাংশ। এরপর সাত থেকে নয় বছর বয়সী ভুক্তভোগীর সংখ্যা ২০ বা ২৪ শতাংশ। চার থেকে ছয় বছর বয়সী শিশুদের নিয়ে দশ এবং ১৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের নিয়ে ১৪টি রিপোর্ট রয়েছে।

নিপীড়নের স্থান হিসেবেও বাসাবাড়ি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে উঠে এসেছে। মোট রিপোর্টের অর্ধেকের বেশি ঘটনা বাসাবাড়িতে ঘটেছে বলে জানানো হয়েছে। ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৩১ শতাংশ, খোলা জায়গায় ৮ শতাংশ এবং বাণিজ্যিক ও পরিবহন-সংশ্লিষ্ট স্থানে ৫ শতাংশ ঘটনা ঘটেছে।

জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি রিপোর্ট এসেছে ঢাকা জেলা থেকে- ১৮টি। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নোয়াখালী থেকে পাঁচটি করে এবং বাগেরহাট থেকে তিনটি রিপোর্ট জমা পড়েছে।

উদ্যোক্তারা বলছেন, এসব তথ্য কোনো পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান নয়। বরং মানুষের দেওয়া বেনামি অভিযোগের ভিত্তিতে শিশু ও নারীর ওপর যৌন নিপীড়নের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, নীরবতার কারণে বহু ঘটনা প্রকাশ্যে আসে না। সেই নীরবতা ভাঙা এবং সমস্যাটির প্রকৃত মাত্রা বোঝার ক্ষেত্রেই ‘আওয়াজ’ প্ল্যাটফর্ম ভূমিকা রাখতে পারে।

No comments