শিরোনাম

কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও, পুলিশ বলছে ‘আগের’

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৪ সেকেন্ডের ওই ভিডিও শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে।

তবে পুলিশ বলছে, ভিডিওটি আগের। এই দিনের নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় পিএবি সড়কে ২০ থেকে ৩০ জন কিশোর ও যুবক মিছিল করছেন। তাদের হাতে ছাত্রলীগের ব্যানার দেখা যায়। মিছিল থেকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে কয়েকজনকে উল্লাস করতে এবং রঙ ছুড়তেও দেখা যায়।

মিছিলের ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। এতে ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি’, ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়লেও সেটি ধারণের সময় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা কারা এবং কার নির্দেশনা বা উদ্যোগে মিছিলটি হয়েছে- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্যে এমন মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লেও ঘটনাটি এই দিনের কি না, তা নিয়েই পুলিশের বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ কালবেলাকে জানান, এলাকায় পুলিশের নিয়মিত টহল ও নজরদারি চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আজকের (শনিবার) নয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

ওসি বলেন, ‘এ ধরনের কোনো মিছিল আজ এলাকায় হয়নি। তবে ভিডিওটি আগের কোনো ঘটনার হয়ে থাকলে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ভিডিওর সূত্র ধরে মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’

No comments