না ফেরার দেশে তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হক
পাকিস্তানসহ সারা বিশ্বের তাবলিগ জামাতের অন্যতম প্রবীণ মুরুব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানসহ দেশ-বিদেশের তাবলিগ জামাতের সাথী, আলেম-উলামা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাবলিগ জামাত বাংলাদেশ আলমী শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ডসহ সারাবিশ্বের তাবলিগ জামাতের আলমী শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরুব্বি হিসেবে দীর্ঘদিন দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিকভাবেও তিনি তাবলীগ জামাতের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশির সাহেবের সন্তান।
শিক্ষাজীবনে মাওলানা এহসানুল হক সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে একই সময়ে অধ্যয়ন করেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন তার খেদমতে নিয়োজিত ছিলেন।
পড়াশোনা শেষ করার পর তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেয়ার প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন। তাবলিগের নির্ধারিত সময়ের মেহনত শেষ করার পর তিনি ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন। সেখানে তিনি মাওলানা হারুন সাহেবের সঙ্গে শিক্ষকতা করেছেন বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়।
মাওলানা ইউসুফ সাহেব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি রায়বেন্ড মারকাজের বিভিন্ন দায়িত্বে থেকে তাবলীগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া মাওলানা ইলিয়াস (রহ.)-এর খান্দানের সঙ্গেও তার ঘনিষ্ঠ ও সুসম্পর্ক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

No comments