শিরোনাম

হাসিনার জন্মদিনে মাশরাফির সেই পোস্ট টেনে যা বললেন রাশেদ খান

চ্যানেল টেন ডেস্কঃ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সোমবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। তার ওই পোস্টের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে করেন তিনি।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘২০২৪ ও ২০২৫ সালে শেখ হাসিনার জন্মদিনে মাশরাফি কোনো পোস্ট করেননি। তবে ২০২৬ সালে এসে তিনি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।,

তিনি লেখেন, ২০২৪ ও ২০২৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের যেসব ‘দোসর’ চুপচাপ ছিলেন, তারা এখন সক্রিয় হতে শুরু করেছেন। শেখ হাসিনা ১৬ বছর ধরে প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে যাদের তৈরি করেছিলেন, গত দুই বছর তারা অনেকটা আড়ালে থাকলেও এখন ফের সক্রিয় হচ্ছেন।

এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের প্রসঙ্গ টেনে তাকে এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন রাশেদ খান।

আওয়ামী লীগকে ফের সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার জন্য জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ী করেন তিনি। রাশেদ খান অভিযোগ করে লেখেন, ‘বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচি ও সরকার পতনের হুঁশিয়ারির সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ড শুরু করেছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ‍আরও অভিযোগ করেন, ‘জামায়াত-এনসিপি এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাসকে’ নরমালাইজ করছে। এর ফলে প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এতদিন আড়ালে থাকা আওয়ামী লীগের অনুসারীরাও সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছেন।’

রাশেদ খানের দাবি, ‘রাড্ডা ক্লিনিক ও নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনাও সরকারের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র চলছে।’

পোস্টে সবশেষে রাশেদ খান লেখেন, ‘আওয়ামী লীগ ও জামায়াত-এনসিপির কর্মকাণ্ড মোকাবিলা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ‘৭১ ও ২৪-এর পরাজিত শক্তিকে মোকাবিলা করে শান্তি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে।’

No comments