শিরোনাম

কেটে ফেলতে হয়েছিল দুই হাত, পা দিয়ে লিখেই দাখিলে উত্তীর্ণ আশরাফ

চ্যানেল টেন ডেস্কঃ

দুই হাত নেই। তবু থেমে নেই জীবনসংগ্রাম। পা দিয়ে লিখেই ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.৭৫ পেয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের ১৮ বছর বয়সী আশরাফ মো. আলী হোসেন।

দুই বছর আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারানোর পরও পড়াশোনা ছাড়েননি তিনি। শারীরিক প্রতিবন্ধকতা পেছনে ফেলে পা দিয়ে লেখার অভ্যাস করেন। এরপর নিয়মিত মাদ্রাসায় যাতায়াত করে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেন। এখন তার লক্ষ্য স্বাবলম্বী হওয়া এবং পরিবারের দায়িত্ব নেওয়া। এজন্য একটি সরকারি বা বেসরকারি কর্মসংস্থানের সুযোগ চান আশরাফ।

আশরাফ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পানিছড়া গ্রামের বাসিন্দা। তার বাবা খলিল আহমদ ও মা মোছা. আমিনা বেগম। তিনি সিলেটের চান্দু শাহ্ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেন।

পা দিয়ে লিখেই মাস্টার্স জয় নিলার, এখন স্বপ্ন শিক্ষকতার

পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে দাদির সঙ্গে কানাইঘাটে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান আশরাফ। সেখানে দুইতলা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যাওয়ার সময় নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি ১১ কেভি বৈদ্যুতিক লাইনের তার ধরে ফেলেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

বমুবিলছড়ি: বর্ষা বিদায়ের পর নতুন যুদ্ধ

স্বজনরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুই হাত মারাত্মকভাবে পুড়ে গেছে। জীবন বাঁচাতে দুই হাত কেটে ফেলার প্রয়োজন হতে পারে।

প্রথমে পরিবার এতে রাজি না হলেও পরে উন্নত চিকিৎসার জন্য আশরাফকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দুই হাত কেটে ফেলতে হয়।

দুই হাত হারানোর পর আশরাফের জীবনযাত্রা পুরোপুরি বদলে যায়। দৈনন্দিন কাজ থেকে শুরু করে পড়াশোনা, সবকিছুতেই তাকে অন্যের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়। তবে পড়াশোনা থামাননি তিনি।

পা দিয়ে লেখা শেখেন আশরাফ। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত দাখিল পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ উচ্চশিক্ষা ও কর্মসংস্থান।

আশরাফ বলেন, ‘আমি হাঁটাহাঁটি ও চলাফেরা করতে পারি। কিন্তু লেখাপড়া করতে মাদ্রাসায় যাওয়ার সময় অনেকেই আমাকে অবহেলা করে গাড়িতে তুলতেন না। সঙ্গে একজন সহকারী না থাকলে অনেক সময় চলাফেরা করা সম্ভব হতো না। সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আমি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি। আমি চাই অন্য সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে।’

আশরাফের চিকিৎসার পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে। পরিবারের দাবি, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তার বাবা সর্বস্ব হারিয়েছেন এবং বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছেন।

আশরাফ বলেন, ‘আমার বাবা একজন নিম্ন আয়ের মানুষ। আমার চিকিৎসার পেছনে তিনি সর্বস্ব হারিয়েছেন। কিছুদিন আগে আমার বড় ভাইও রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুই ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে বাবা সর্বস্বান্ত হয়েছেন। এখন আমি পরিবারের হাল ধরতে চাই।’

তিনি বলেন, ‘পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে সরকার যদি আমাকে একটি চাকরি দেয়, তাহলে আমি স্বাবলম্বী হতে পারব।’

নিজের শারীরিক অবস্থা ও পরিবারের আর্থিক সংকট বিবেচনায় একটি চাকরির ব্যবস্থা করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন আশরাফ। একই সঙ্গে সরকারের প্রধান এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

আশরাফের মামা মুহিব উল্লাহ বলেন, দুর্ঘটনার পরও আশরাফ থেমে থাকেনি। জীবনযুদ্ধে লড়াই করে সে এবার দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখে ভালো ফলাফল অর্জন করেছে। সে একজন মেধাবী ও ভালো ছাত্র।

তিনি বলেন, আশরাফ সরকারি-বেসরকারি সহায়তা পেলে আরও এগিয়ে যেতে পারবে। তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। পরিবারের সদস্যরা অনেক কষ্টে দিনযাপন করছেন। আশরাফের বাবা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে চিকিৎসার খরচ চালিয়েছেন। পরিবারের আহার, চিকিৎসা ও লেখাপড়ার ব্যয় বহন করে ঋণ পরিশোধ করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

মুহিব উল্লাহ আরও বলেন, আশরাফের বাড়ির কাছেই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রধান কার্যালয় রয়েছে। সেখানে তার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে বাড়ি থেকে যাতায়াত করে কাজ করা সম্ভব হবে।

চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, ‘একটি অপ্রত্যাশিত ঘটনায় পরিবারটি আজ অসহায় জীবনযাপন করছে। মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও সবাইকে এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

No comments