শিরোনাম

নোয়াখালীতে ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ব'লা'ৎ'কা'র, জামায়াতের সাবেক নেতা গ্রেফতার

চ্যানেল টেন ডেস্কঃ

নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ঝাড়ফুঁকের কথা বলে বলাৎকার (যৌন নির্যাতন) করার অভিযোগে মো. আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতে ইসলামীর সাবেক এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতার আলমগীর শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক বায়তুল মাল সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ওই এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রের মাথাব্যথা শুরু হলে সে হাসানহাট বাজারে আলমগীরের ওষুধের দোকানে যায়। আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি সেখানে ঝাড়ফুঁকের কাজ করতেন। মাথাব্যথা ভালো করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান এবং বলাৎকার করেন। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের প্রশ্নের মুখে সে বিষয়টি খুলে বলে।

এদিকে অভিযুক্তের দলীয় পরিচয়ের বিষয়ে শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন জানান, আলমগীর ২০২২ সাল পর্যন্ত দলের ওয়ার্ডপর্যায়ে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত নন। তবে আলমগীরের দাবি, স্থানীয় একটি চক্রের সঙ্গে বিরোধ ও চাঁদা না দেওয়ার জেরে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আলমগীরকে গ্রেফতার করে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

No comments