শজিমেকে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মারামারির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা ও হাসপাতালের নিরাপত্তাসহ চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
বুধবার দুপুরে শজিমেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসেন বাদী হয়ে ছয়জন আহত স্বজনসহ মোট সাতজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, বগুড়ার ফুলবাড়ী দক্ষিণপাড়ার বাসিন্দা ও ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইসলাম (২৬), যুগ্ম আহ্বায়ক প্রান্ত (২২), সদস্য রাকিবুল হাসান রাকিব (১৮), ফুলবাড়ী উত্তরপাড়ার বাসিন্দা ও ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুন্না শেখ ওরফে এসএম সিহাব (১৮), নামাজগড় এলাকার বিপ্লব সরদার (২৬) এবং নিশিন্দারা এলাকার তানভীর শেখ (২৬)।
এর আগে মঙ্গলবার রাতে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাঁর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, শ্বাসকষ্টসহ আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন। পরে রাত ১০টার দিকে রোগীর মৃত্যু হলে স্বজনদের সঙ্গে চিকিৎসকদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের পর মঙ্গলবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। বুধবারও তাঁদের কর্মবিরতি অব্যাহত ছিল। বেলা ১২টার দিকে সংবাদ ব্রিফিং করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। তাঁদের চার দফা দাবির মধ্যে রয়েছে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে মামলা দৃশ্যমান করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের নিরাপত্তায় আনসার সদস্যের সংখ্যা বাড়ানো এবং হাসপাতালের শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা। এ ছাড়া একজন রোগীর সঙ্গে একজনের বেশি স্বজন বা এটেনডেন্ট না রাখার দাবিও জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। সংবাদ ব্রিফিংয়ে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য দেন রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ। ইন্টার্ন চিকিৎসকেরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই কর্মবিরতি চলবে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে চিকিৎসকদের কর্মবিরতির কারণে শজিমেক হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রোগীদের স্বজনেরা।

No comments