শিরোনাম

মোকামতলায় করতোয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে, ধ্বংস হলো উত্তোলনের সরঞ্জাম

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার মোকামতলায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা। পরে নদীতে ফেলে যাওয়া বালু উত্তোলনের পাইপ, মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে নষ্ট করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তালিবপুর গ্রামে করতোয়া নদীতে এ অভিযান পরিচালনা করেন মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) জিয়াউর রহমান। অভিযানে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনছার আলীসহ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ, মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে এসব সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

এদিকে একই অভিযানের অংশ হিসেবে পাকুরতলা বাজারে একটি সারের ডিলারের মজুত যাচাই করা হয়। পরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রির দায়ে এক দোকানদারকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

No comments