বগুড়ায় মোকছেদুলকে কুপিয়ে হত্যা: পলাতক আসামি নাহিন গ্রেপ্তার
বগুড়ায় সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোঃ মোকছেদুল হাসানকে (৩৮) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার নারুলী খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাহিন ওরফে নাইমকে (২৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামী নাহিন নারুলী খন্দকারপাড়া এলাকার নেকমল হুদার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মাটিডালী উত্তরপাড়া এলাকার জারা কার হাউসের বিপরীতে নিউ প্রাপ্ত মটরসের সামনে বসেছিলেন মাটিডালী বিমান মোড় সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোকছেদুল হাসান। এ সময় পূর্বশত্রুতার জেরে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন একটি হাইস গাড়ি ও মোটরসাইকেলে সেখানে আসে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, হামলাকারীদের কয়েকজনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে হকিস্টিক, লাঠি, রামদা ও ধারালো অস্ত্র ছিল। তারা ঘটনাস্থলে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে মোকছেদুল হাসানের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করা হলে তিনি বাম হাত দিয়ে ঠেকান। এতে তার কব্জিতে গুরুতর কাটা জখম হয়। পরে মাটিতে পড়ে গেলে ধারালো চাকু ও রামদা দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ৩৭ নম্বর এবং জিআর-৭৯৫/২০২৬। এতে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।
সিপিএসসি বগুড়া, এসআরবি-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি নাহিন নারুলী এলাকায় অবস্থান করছেন। পরে রোববার ভোর সাড়ে ৪টার দিকে নারুলী খন্দকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।

No comments