বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে উঠেছে। এদিন মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম কমে আসায় শুক্রবার স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা এবং মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বাড়ায় স্বর্ণের দামে চাপ রয়েছে।
জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, তেলের দাম কমায় স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও ফেডের উচ্চ সুদের হার ও বন্ডের বাড়তি মুনাফা স্বর্ণ ধরে রাখার খরচ বাড়িয়ে দিচ্ছে। ফলে সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম কমার পথে রয়েছে।
গত সপ্তাহে সুদের হার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে ফেড। একই সঙ্গে ভবিষ্যতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ট্রেডাররা আগামী অক্টোবরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৭১ শতাংশ এবং ডিসেম্বরে ৯৫ শতাংশ ধরে হিসাব করছেন।
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফার সম্পদের দিকে ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের চাহিদা কমে যায়।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৬৭ দশমিক ৫৫ ডলার। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৬৫ দশমিক ০৩ ডলারে নেমেছে।
দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

No comments