এমি মার্তিনেজকে দলে ভেড়াল চেলসি
অবশেষে নাটকের অবসান। রবার্ট সানচেজের একের পর এক মারাত্মক ভুলে বিরক্ত হয়ে অবশেষে নতুন গোলরক্ষকের দিকেই ঝুঁকতে হলো চেলসিকে। অ্যাস্টন ভিলা থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেজকে সই করাতে সাড়ে সাত মিলিয়ন পাউন্ডে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি।
৩৩ বছর বয়সী এই তারকা গোলরক্ষক দ্রুতই লন্ডনে এসে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন বলে জানা গেছে। গত সোমবার ফুলহামের বিরুদ্ধে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে সানচেজের কঙ্কালসার পারফরম্যান্সের পর দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয় চেলসি বোর্ড। সেই ম্যাচে প্রথমে জশ কিংয়ের একটি সহজ শট তার হাতের গলে জালে ঢোকে, আর দ্বিতীয় অর্ধে বিপজ্জনক জায়গায় বল ফেলে দিয়ে গনসালো গার্সিয়াকে গোল করার সুযোগ করে দেন তিনি।
চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব পারমা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে জাপানি গোলকিপার জায়ন সুজুকিকে দলে ভিড়ানোর পর থেকেই মার্তিনেজকে ছেড়ে দিতে রাজি ছিল অ্যাস্টন ভিলা।
এর আগে গত মাসে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেও যাওয়ার কথা ছিল মার্তিনেজের। তবে আঙুলের ইনজুরির শঙ্কায় সেই চুক্তি ভেস্তে গেলে টটেনহাম থেকে গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে টানে ইতালির দলটি।

No comments