যে কারণে হামজাকে নিষেধাজ্ঞা দিল পিসিবি
ভিসা আবেদন প্রক্রিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রদান এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগে পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার হামজা নজরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
পিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের মাধ্যমে প্রক্রিয়াকৃত একটি ভিসা আবেদনে হামজা নজর অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য জমা দেন এবং প্রয়োজনীয় কিছু তথ্য গোপন করেন। বিষয়টি সামনে আসার পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত চলাকালে হামজাকে নিজের অবস্থান ব্যাখ্যা করার এবং অভিযোগের জবাব দেয়ার সুযোগ দেয়া হয়। কমিটি তার বক্তব্য, উপস্থাপিত নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করে এবং তা পিসিবির কাছে জমা দেয়। প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে বোর্ড তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী দুই বছর হামজা নজর কোনো ধরনের ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের বিস্তারিত পর্যালোচনার পর হামজা নজরকে দুই বছরের জন্য সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে হামজা নজর নিজেকে সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এমনকি ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান দলে তার অন্তর্ভুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে দল ঘোষণার আগেই ভিসা-সংক্রান্ত এই জটিলতা সামনে আসে। শেষ পর্যন্ত জাতীয় দলে সুযোগ হারানোর পাশাপাশি কঠোর শাস্তির মুখেও পড়তে হয়েছে এই তরুণ ক্রিকেটারকে।

No comments