ঋণ করে গিয়েছিলেন মালদ্বীপ, ঘুমের মধ্যে স্ট্রোক, প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
মালদ্বীপের রাজধানী মালে নিজ বাসায় ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে ৫৪ বছর বয়সী আবদুল জলিল নামের এক প্রবাসী বাংলাদেশি। শনিবার (২৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।
দেশে থাকা বড় অংকের ঋণ আর নানা মানসিক চাপ থেকে আবদুল জলিলের স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা তার স্বজনদের। নিহত আবদুল জলিলের দেশের বাড়ি কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের অন্তর্গত যাত্রাপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল গাফুর।
নিহতের নিকট আত্মীয় মো. জাকির বলেন,পরিবারের সুখের আশায় গত দেড় বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিল আবদুল জলিল।প্রথম তিন মাস বৈধভাবে বসবাস করলেও এর পর থেকে অবৈধ হয়ে যান।অবৈধ থাকা অবস্থায় মাঝে মধ্যে দেশটির বিভিন্ন কোম্পানিতে কাজ করলেও বেশিরভাগ সময় তাকে কাজহীন বা বেকার থাকতে হয়।যার কারণে সবসময় নানা মানসিক চাপে থাকতেন তিনি।
এমতাবস্থায় প্রতিদিনের মতো গতকালও খাওয়া দাওয়া শেষ করে রাত ৯টার দিকে ঘুমোতে যান।পরে রাত ১২টার দিকে রুমমেট এসে ডাকাডাকি করলে জলিলের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় দ্রুতই তাকে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন বলেন, মৃত এই প্রবাসী ভাইয়ের বিষয়ে আমরা অবগত আছি।এসময় মরহুম আবদুল জলিলের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হাইকমিশন।একইসাথে বলেন,মরহুমের পরিবারের আবেদনের ভিত্তিতে আমরা মালদ্বীপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চালিয়ে যাবো।
মৃতের পরিবারের পক্ষ থেকে আবদুল জলিলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

No comments