হজের উদ্দেশে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল
পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫)। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গ্রামের মানুষের দোয়া নিয়ে তিনি যাত্রা শুরু করেন।
তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।
দুলালের ব্যতিক্রমী এই উদ্যোগে গ্রামের মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। বিদায়ের সময় তাকে একনজর দেখতে গ্রামবাসী ভিড় করেন। উপস্থিত সবাই তার সুস্থতা, নিরাপদ সফর এবং সফলভাবে হজ পালনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
গ্রামের প্রবীণ রফিকুল ইসলাম জানান, অত্যন্ত ধার্মিক ও সরল জীবনযাপনে অভ্যস্ত দুলাল দীর্ঘদিন ধরে এই যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। তার জন্য দোয়া রইলো।
দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকুল ব্যাকুলতা থেকেই আমার এই সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখে আমি রওনা হয়েছি।
নিজের সুস্থতা এবং সফলভাবে হজ পালনের জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
তিনি জানান, সীমান্ত অতিক্রম ও অন্যান্য দেশ হয়ে সৌদি আরব পৌঁছানোর জন্য নির্ধারিত পথের নিরাপত্তা ও প্রয়োজনীয় বিষয়াদি কোনো বাধা না হয়, সে জন্য সরকারের কাছে সাহায্য চান তিনি।

No comments