সাভারে ফের ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
ঢাকার সাভারের একটি খোলা মাঠে কালো টেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বস্তুটি বোমাসদৃশ হওয়ায় নিরাপত্তার জন্য পুরো মাঠ ঘিরে রেখেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে কালো টেপে প্যাঁচানো প্রেশার কুকারটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, গভীর রাতে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় কয়েকজন একটি নীল প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে বিভিন্ন জিনিসের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো প্রেশার কুকারটি ছিল। পরে স্থানীয়রা সেটি ড্রাম থেকে বের করে মাঠে রেখে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানিয়েছে, রাতের কোনো একসময় তিনজন অজ্ঞাত ব্যক্তি ওই ড্রামটি মাঠে রেখে চলে যান। তাদের পরিচয় বা ড্রামটি সেখানে রাখার কারণ এখনো জানা যায়নি।
ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, বস্তুটি বোমা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সন্দেহ থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই সাভারের পাশের আশুলিয়ায় একটি দোকানের সামনে রাখা ব্যাগের ভেতর থেকেও বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার করা হয়েছিল। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

No comments