শিরোনাম

চট্টগ্রামের ডিসি পদ পেতে ৭০ কোটি টাকার চুক্তি!

চ্যানেল টেন ডেস্কঃ

চট্টগ্রামের জেলা প্রশাসক পদে নিয়োগ পেতে ৭০ কোটি টাকার চুক্তি করার তথ্য পাওয়া গেছে। চুক্তির সঙ্গে কোটি কোটি টাকার স্বাক্ষর করা চেক এবং ১৮ মাসের মধ্যে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতির কথাও উঠে এসেছে।

বেশ কয়েকটি চুক্তিপত্র, ব্যাংকের চেক ও ব্যক্তিগত বার্তা পর্যালোচনা করে সরকারি গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ পেতে কোটি কোটি টাকা দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টার তথ্য পাওয়া গেছে। এসব নথি বাংলাদেশের আমলাতন্ত্রে প্রভাবশালী পদ ঘিরে অর্থের বিনিময়ে নিয়োগের একটি কথিত ব্যবস্থার ইঙ্গিত দেয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব সালাহউদ্দিন আহমেদকে গত বছরের শেষ দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বদলি করা হয়। দৈনিক ওয়াদার হাতে আসা নথি অনুযায়ী, বিপুল পরিমাণ টাকা দিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন বিসিএসে ২৮তম ব্যাচের এ প্রশাসন ক্যাডার।

তবে নথিগুলো থেকে প্রতিশ্রুত নিয়োগের জন্য সত্যিই অর্থ দেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নথিতে থাকা কয়েকটি দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তবে নথিতে কোটি কোটি টাকার ঋণ, জামানত হিসেবে দেওয়া স্বাক্ষর করা চেক এবং চট্টগ্রামের জেলা প্রশাসক পদকে কেন্দ্র করে ৭০ কোটি টাকার কথিত চুক্তির তথ্য রয়েছে।

ওই চুক্তিতে আরও বলা হয়, পদটি পাওয়ার পর ১৮ মাসের মধ্যে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরত দিতে হবে সালাহউদ্দিনকে। অর্থাৎ মূল টাকার দ্বিগুণ।

ওয়াদা সালাহউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে শুরুতে অভিযোগ অস্বীকার করেন। ফোন হ্যাক, চেক হারিয়ে যাওয়া এবং জাতীয় পরিচয়পত্র চুরি হওয়ার কথা জানান সালাহউদ্দিন।

পরে সচিবালয়ে কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে বিভিন্ন গোষ্ঠীর নিয়মিত যোগাযোগের কথা স্বীকার করেন সালাহউদ্দিন। তবে কোনো পদ পেতে অর্থ দেওয়ার কথা স্বীকার করেননি। 

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে।

নথির সূত্রপাত গত বছরের ২৪ নভেম্বর। প্রতিবেদনের জন্য পর্যালোচনা করা একটি নথি অনুযায়ী, ওই দিন ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ঢাকার ধানমন্ডির বাসিন্দা আহমেদ শাকিল খানের সঙ্গে চুক্তি করেন সালাহউদ্দিন।

রাজশাহীর মতিহারের বাসিন্দা সালাহউদ্দিন তখন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

চুক্তিতে শাকিল খান সালাহউদ্দিনকে ৪ কোটি টাকা ঋণ দেওয়ার কথা উল্লেখ করা হয়। চট্টগ্রাম বন্দরে ব্যবসার সুযোগ ও কাজের সঙ্গে ঋণের সম্পর্ক থাকার কথাও নথিতে বলা হয়।

ঋণের জামানত হিসেবে সালাহউদ্দিনের সিটি ব্যাংকের হিসাব থেকে ২ কোটি টাকা করে দুটি চেক দেওয়ার তথ্য রয়েছে নথিতে। এরপর ঘটে গুরুত্বপূর্ণ একটি ঘটনা।

চুক্তি স্বাক্ষরের এক মাসেরও কম সময়ের মধ্যে ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সালাহউদ্দিনকে পরিচালক হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বদলির আদেশ দেয়। ২৩ ডিসেম্বর দায়িত্বে যোগ দেন সালাহউদ্দিন।

তবে পরিচালকের কোনো পদ খালি ছিল না। পরে ৮ জানুয়ারি প্রশাসনিক কারণ দেখিয়ে সালাহউদ্দিনকে কন্ট্রোলার অব স্টোরস পদে পদায়ন করা হয়।

এর কিছুদিন পর সালাহউদ্দিন ও পরিচয় না জানা এক ব্যক্তির কথিত হোয়াটসঅ্যাপ বার্তা সামনে আসে। কথোপকথনে পাওয়া যায়, পাওয়া পদ নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন সালাহউদ্দিন।

বার্তায় সালাহউদ্দিন লেখেন, ‘আমাকে একটি পদ দেওয়ার কথা ছিল। পদ অবনমন করে অন্য জায়গায় দেওয়া হয়েছে। আমি এখন নিঃস্ব।’ মূল পদায়নের ব্যবস্থা কে করেছিলেন, সেটাও জানা আছে বলে ইঙ্গিত দেন সালাহউদ্দিন।

আরেকটি বার্তায় বলা হয়, ‘কে আমার আদেশের ব্যবস্থা করেছে, আমি জানি। একজন রাজনৈতিক ব্যক্তি এবং প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠ।’

নথি অনুযায়ী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে পদায়নের পরও চেষ্টা থামেনি। ২৯ মার্চ আরেকটি লিখিত বার্তা দেন সালাহউদ্দিন। সেখানে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে পদটিতে দায়িত্ব পালনে কোনো আপত্তি নেই বলে উল্লেখ করা হয়।

একই নথিপত্রে দেখা যায়, পটুয়াখালীর বাউফলের মো. হাবিবুর রহমানকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করেন সালাহউদ্দিন। সালাহউদ্দিনের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার ক্ষমতাও দেওয়া হয় হাবিবুর রহমানকে।

এরপর আসে সবচেয়ে বড় আর্থিক প্রস্তাব। ১৬ জুলাইয়ের একটি নথিতে সালাহউদ্দিনের কথিত স্বাক্ষর রয়েছে। নথিতে চট্টগ্রামের জেলা প্রশাসক পদে নিয়োগের সঙ্গে ৭০ কোটি টাকার একটি চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, পদটি পাওয়ার পর ১৮ মাসের মধ্যে ‘কাজের মাধ্যমে’ ১৪০ কোটি টাকা ফেরত দেওয়ার কথা ছিল সালাহউদ্দিনের।

তবে ‘কাজের মাধ্যমে’ বলতে কী বোঝানো হয়েছে, একজন সরকারি কর্মকর্তা কীভাবে আইনগতভাবে এত বিপুল অর্থ আয় করতে পারেন এবং শেষ পর্যন্ত অর্থ কার কাছে যাওয়ার কথা ছিল, এসব বিষয়ে নথিতে কোনো ব্যাখ্যা নেই।

অন্যান্য নথি থেকে জানা যায়, এসব ব্যবস্থার সঙ্গে বড় অঙ্কের আর্থিক জামানতও ছিল।

প্রতিবেদনের জন্য পর্যালোচনা করা নথিতে সোনালী ব্যাংক ও সিটি ব্যাংকের মোট ১২টি চেকের তথ্য রয়েছে। এসব চেকের মোট মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা। পদ পাওয়ার চেষ্টার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে জামানত হিসেবে এসব চেক দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সোনালী ব্যাংকের বগুড়া করপোরেট শাখার পাঁচটি চেকের মোট মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা। সিটি ব্যাংকের সাতটি চেকের মোট মূল্য আরও ৫ কোটি টাকা।

নথিতে আরও দেখা যায়, সালাহউদ্দিন সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারি সিল ও স্বাক্ষরযুক্ত চাকরির পরিচিতির কপি এবং বোন জিনিয়াত খাতুনের জাতীয় পরিচয়পত্রের কপিও দিয়েছিলেন।

পর্যালোচনা করা নথি অনুযায়ী, কথিত লেনদেনের সঙ্গে যুক্ত মধ্যস্থতাকারীদের আশ্বস্ত করতেই এসব কাগজপত্র দেওয়া হয়েছিল।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শুরুতে অভিযোগ অস্বীকার করেন সালাহউদ্দিন। তবে এসব ঘটনার বিষয়ে পুলিশকে কোনো অভিযোগ করা হয়েছিল কি না, জানতে চাইলে অভিযোগ না করার কথা স্বীকার করেন।

সালাহউদ্দিন বলেন, ‘এসব বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু নেওয়া উচিত ছিল। এটা আমার ভুল।’ পরবর্তী এক কথোপকথনে আমলাতন্ত্রের ভেতরে চলমান পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সালাহউদ্দিন।

সালাহউদ্দিন বলেন, ‘সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা নানা ধরনের প্রস্তাব নিয়ে নিয়মিত বিভিন্ন গোষ্ঠী এক কক্ষ থেকে আরেক কক্ষে যায়। সেখানে এ ধরনের ঘটনা সব সময় ঘটে এবং এখনো ঘটছে। বিষয়টি অস্বীকার করে কোনো লাভ নেই।’

আরও বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটছে বলেই আপনারা এসব নথি পেয়েছেন।’

সালাহউদ্দিনের বক্তব্যের পর আরও কয়েকটি প্রশ্ন সামনে এসেছে। মধ্যস্থতাকারীরা কারা ছিলেন, কোন কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তির হয়ে যোগাযোগের দাবি করা হয়েছিল এবং নিয়োগে প্রভাব বিস্তারের সক্ষমতা ছিল কি না, এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

চেকের মাধ্যমে উল্লেখ করা অর্থ শেষ পর্যন্ত কেউ পেয়েছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। শুধু স্বাক্ষর করা চেক বা চুক্তি থাকলেই অর্থ লেনদেনের প্রমাণ হয় না। চেকগুলো ব্যাংকে জমা বা নগদায়ন করা হয়েছিল কি না, তা নিশ্চিত করার মতো কোনো ব্যাংক নথিও পাওয়া যায়নি।

তবে সালাহউদ্দিনের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বদলির সময়, চুক্তিপত্র, আর্থিক জামানত ও ব্যক্তিগত বার্তার বিষয়গুলো সরকারি তদন্তের কারণ হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান।

ওয়াদাকে সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনিক প্রক্রিয়া সুরক্ষিত রাখার প্রয়োজনের কথা উল্লেখ করে তদন্ত কমিটির সদস্যদের পরিচয় জানাতে রাজি হননি সৈয়দ রেফায়েত হামিম।

No comments