শিরোনাম

বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী চেকপোস্টে অভিযান চালিয়ে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদক ফেয়ারডিলসহ মোছাঃ মালেকা বেগম (৫২) নামে এক নারীকে আটক করেছে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদিঘী গ্রামের চন্দ্রদিঘী আলিম মাদ্রাসার সামনে নওগাঁ-বগুড়া চারমাথাগামী সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়।

এ সময় সান্তাহার থেকে বগুড়া চারমাথাগামী একটি সিএনজির যাত্রী মালেকা বেগমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। আটক মালেকা বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার কোকতারা গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়।

সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

No comments