হত্যার পর আত্মগোপন, ২৭ দিন পর র্যাবের হাতে গ্রেফতার জাহিদ
মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর পলাতক আসামি মোঃ জাহিদ মন্ডলকে (১৯) ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ সদর থানাধীন জোহান পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের যৌথ আভিযানিক দল।
গ্রেফতার জাহিদ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মোঃ জিলহাজ মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে পূর্বশত্রুতার জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরের পথরোধ করে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে বাঁচতে আতিকুর একটি বাড়ির আঙিনায় আশ্রয় নিলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় পেনাল কোডের বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
র্যাব-১২-এর দাবি, মামলা দায়েরের পর থেকেই জাহিদ মন্ডল গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ঝিনাইদহে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ জানিয়েছে, চাঞ্চল্যকর এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

No comments