বগুড়ায় র্যাবের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার : ৩
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া। এর মধ্যে দুইজনকে বগুড়া শহরের কলোনী এলাকা থেকে এবং অপরজনকে নীলফামারীর সৈয়দপুর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সদর থানাধীন কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ছাইদুল ইসলাম পাপ্পু (৫৪)-কে গ্রেফতার করা হয়। তিনি ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
এরপর একই রাতে প্রায় সাড়ে ৯টার দিকে কলোনী এলাকার চিটাগং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে একই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক মো. মিঠু (৫৫)-কে গ্রেফতার করে র্যাব। তিনি বগুড়া সদর থানার চক ফরিদ (খুলুপাড়া) এলাকার মো. লফিজলের ছেলে।
এদিকে, ৯ আগস্ট রাতে নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামি মো. হাবিবুর রহমান (৩৫)-কে গ্রেফতার করা হয়। র্যাব-১২ সিপিএসসি বগুড়া ও র্যাব-১৩ সিপিসি-৩ নীলফামারীর যৌথ দল রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে সৈয়দপুর থানার ধলাগাছ এমএস রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের তথ্যমতে, হাবিবুর রহমান শেরপুর থানার একটি মাদক মামলায় এবং শিবালয় থানার অপর একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত। উভয় মামলায় তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

No comments