শিরোনাম

বগুড়ার গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে রামদা ধরে চুল কাটার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে মারধর, গলায় রামদা ধরে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হাপানিয়া উত্তরপাড়া গ্রামের মৃত মন্টু আকন্দের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছা. সুমি বেগম (২৮) বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুমি বেগমের সঙ্গে ইদ্রিস আলীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় ইদ্রিস আলী স্ত্রীকে নির্যাতন করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও নির্যাতন বন্ধ হয়নি।

এজাহারে সুমি বেগম অভিযোগ করেন, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ইদ্রিস আলী তাকে গালিগালাজ করেন। পরে ঘরের দরজা বন্ধ করে তার দুই হাত রশি দিয়ে বেঁধে ফেলেন। একপর্যায়ে গলায় রামদা ধরে মাথার চুল কেটে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করেন।

অভিযোগে আরও বলা হয়, পরে সুমি বেগমকে ঘরে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দিয়ে ইদ্রিস আলী বাইরে চলে যান। এ সময় ১২ বছর বয়সী মেয়ে মোছা. সোহাগী আক্তারের সহায়তায় তিনি ঘর থেকে বের হয়ে গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে বাবার বাড়িতে যান।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে সুমি বেগমকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তিনি বাদী হয়ে স্বামী ইদ্রিস আলীর বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, স্ত্রী সুমি বেগমের দায়ের করা মামলায় ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

No comments