অপহরণের শিকার বাংলাদেশিকে ফেরত দিয়ে ছাড়া পেলেন দুই ভারতীয়
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের ছেড়ে দিয়েছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩ টার দিকে সীমান্ত শূন্য রেখায় বাংলাদেশি আব্দুল মান্নান নামের এক বৃদ্ধকে বিএসএফ এবং ভারতীয় নাগরিক শচীন ও নরতনকে বিজিবি ছেড়ে দেয়।
বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে। এবং বাংলাদেশীদের হাতে আটককৃতরা হলেন নদীয়া জেলার তেহট্টা থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) ও একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস(৩৫)।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এদিকে, আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে আনেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই কৃষক সীমান্তের নোম্যান্স ল্যান্ড সংলগ্ন ভারতীয় কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

No comments