নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন পুড়লো ঝুটের গোডাউনও
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ৪টি ঝুটের গোডাউন ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার ভোর ৬টায় ফতুল্লার মাসদাইর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত ১৫-২০টি গোডাউন তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন। এসব গোডাউন ভাড়া নিয়ে অনেকেই ঝুটের ব্যবসা করতেন।
আবার কেউ ইজিবাইকের গ্যারেজ দিয়ে ব্যবসা করেন। শুক্রবার ভোর ৬টায় একটি গোডাউনের আগুন লাগার পর দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার ঝুটের গোডাউন এবং আলী, শহিদ, আনোয়ারের ইজিবাইক গ্যারেজ মুহূর্তেই আগুনে পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
এতে আশপাশের কলকারখানা ও সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বিদ্যুতের শর্ট শার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয় চলছে। ৪টি ইউনিট ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

No comments