শিরোনাম

ক্যানসারের ছোবলে পুরো পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ দুই শিশুর

চ্যানেল টেন ডেস্কঃ

রাজশাহীর মোহনপুরে একটি পরিবারের বাবা ও তিন ছেলে ক্যানসারে মারা গেছেন। বেঁচে থাকা বড় ছেলে চতুর্থ পর্যায়ের কোলন ক্যানসারে আক্রান্ত। পরিবারের আরও দুই সদস্য হেপাটাইটিস-বিতে আক্রান্ত। এরই মধ্যে ক্যানসারে মারা যাওয়া ছেলে এসারুল ইসলামের স্ত্রী মোছা. ঝরনা বেগমও চতুর্থ পর্যায়ের ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ব্রেন স্ট্রোকের পর তার ডান হাত-পা অবশ। অসুস্থ মায়ের পাশে রয়েছে পাঁচ বছরের ছেলে জুনায়েদ ইসলাম ও ১১ বছরের মেয়ে ইসরাত জাহান। বাবা নেই, মা-ও মৃত্যুর সঙ্গে লড়ছেন। মায়ের কিছু হয়ে গেলে এই দুই শিশুর ভবিষ্যৎ কী হবে- এটাই এখন পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা।

হৃদয়বিদারক ঘটনাটি রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আতানারায়ণপুর গ্রামের। একসময় সচ্ছল, শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত পরিবারটি কয়েক বছরের ব্যবধানে ক্যানসারের কাছে হারিয়েছে পরিবারের কর্তা আব্দুল হামিদ ও তার তিন ছেলেকে। চিকিৎসার ব্যয় মেটাতে বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে জমিজমা। বেড়েছে ঋণের বোঝা। প্রাণচাঞ্চল্যে ভরা বাড়িটি এখন শোক, অসুস্থতা ও অনিশ্চয়তায় ভারী।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হামিদ ২০২২ সালে ৮০ বছর বয়সে লিভার ক্যানসারে মারা যান। এর আগে তার ছেলে সাদরুল ইসলাম ২০২০ সালে প্রায় ৪৬ বছর বয়সে একই রোগে মারা যান। সেজ ছেলে স্থানীয় আত্রাই আলিম মাদ্রাসার শিক্ষক মামুন অর রশিদ ২০২৪ সালে প্রায় ৪০ বছর বয়সে লিভার ক্যানসারে মারা যান। এর পরের বছর মারা যান এসারুল ইসলাম। তার বয়সও ছিল প্রায় ৪০ বছর।

প্রতিবেশী মো. আলম বলেন, একসময় পরিবারটি এলাকায় সচ্ছল ও প্রতিষ্ঠিত হিসেবে পরিচিত ছিল। পরিবারের প্রায় সবাই চাকরিজীবী ছিলেন। তাদের মধ্যে পিএইচডিধারী একজন অধ্যাপকও ছিলেন। একের পর এক মৃত্যুর ঘটনায় বড় পরিবারটি এখন প্রায় নিশ্চিহ্ন।

আরেক প্রতিবেশী মোছা. ফারহানা বলেন, পরিবারের সদস্যরা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু একের পর এক মৃত্যু ও চিকিৎসার ব্যয়ে পরিবারটি এখন চরম অসহায়। ছোট সন্তানদের নিয়ে সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে। তিনি পরিবারটির চিকিৎসা এবং শিশুদের ভবিষ্যতের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

মঙ্গলবার (১৮ আগস্ট) এসারুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ক্যানসারে আক্রান্ত স্ত্রী ঝরনা বেগম মেয়ে ইসরাত ও পাঁচ বছরের ছেলে জুনায়েদকে পাশে নিয়ে কাঁদছেন। ব্রেন স্ট্রোকের পর তার মুখে জড়তা এসেছে। কথা বলার সময় শব্দও এলোমেলো হয়ে যাচ্ছে।

স্বামীর চিকিৎসার কথা বলতে গিয়ে ঝরনা বেগম বলেন, এসারুলের চিকিৎসার জন্য চারবার ভারতে যেতে হয়েছে। চিকিৎসায় প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছে। শেষবার চিকিৎসকেরা তার স্বামীর বেঁচে থাকার সম্ভাবনা নাকচ করে দেন। তখন ভারতে থাকা অবস্থায়ই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে।

এসারুল ইসলাম মোহনপুর মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছিলেন। ২০১১ সালে গাজীপুরের মেয়ে ঝরনা বেগমকে বিয়ে করেন তিনি। এসারুলের মৃত্যুর মাত্র এক মাস পর ঝরনার ব্রেন ক্যানসার শনাক্ত হয়। বর্তমানে তার ক্যানসার চতুর্থ পর্যায়ে। নিয়মিত কেমোথেরাপি চলছে। ঢাকায় মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে। এখন অনেক কিছু মনে রাখতে পারেন না। ডান হাত-পা অবশ। তারপরও এক হাত দিয়ে রান্না করেন।

স্কুল থেকে ফিরে পাঁচ বছরের জুনায়েদ মাকে কাজে সাহায্য করে। ১১ বছরের ইসরাত অনেক সময় আগের দিনের তরকারি দিয়ে ভাত নিয়ে স্কুলে যায়। সরকারি হাসপাতালে চিকিৎসা নেন ঝরনা। মানুষের সহায়তায় ওষুধ কেনেন। টাকা না থাকলে অনেক সময় ওষুধ খাওয়াও বন্ধ রাখতে হয়। তার মাসে প্রায় ৮ হাজার টাকার ওষুধ প্রয়োজন।

এসারুলের চিকিৎসার জন্য সোনালী ব্যাংক থেকে প্রায় আট লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল। এখনো প্রায় পাঁচ লাখ টাকা বাকি। স্বজনদের দাবি, পরিবারের সদস্যদের চিকিৎসায় এ পর্যন্ত প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে। চিকিৎসার খরচ মেটাতে জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে। সম্প্রতি তিন মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে নিজের মুঠোফোনও বিক্রি করেছেন ঝরনা।

বাবার কথা উঠতেই কেঁদে ফেলে ইসরাত। বাবার চিকিৎসার সময় মা-বাবার সঙ্গে চারবার ভারতে গিয়েছিল সে। হাসপাতালের বসে রঙপেনসিলে বাংলাদেশের প্রকৃতি ও জাতীয় স্মৃতিসৌধ আঁকত। এক চিকিৎসক তার ছবি দেখে খাতা, রং ও পেনসিল কিনে দিয়েছিলেন। সেই ছবিগুলো এখনো যত্ন করে রাখা আছে।

ইসরাত বলে, ‘আমার সহপাঠীদের বাবা তাদের সঙ্গে আসে। চকলেট থেকে শুরু করে কত কী কিনে দেয়। কিন্তু আমার বাবা নেই। আমাকে কেউ দেয় না। মাও ব্রেন ক্যানসারে ঘরে পড়ে আছে।’

এই পরিবারের আরেক বড় দুশ্চিন্তার নাম শফিকুল ইসলাম। তিনি এসারুলের বড় ভাই এবং স্থানীয় আতানারায়ণপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক। ২০২২ সালের দিকে তার কোলন ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচার হয়েছে। এখনো চিকিৎসাধীন। তার ক্যানসারও চতুর্থ পর্যায়ে।

শফিকুল ইসলাম বলেন, ‘বাবা ও পরপর ছোট তিন ভাইকে ক্যানসারে হারিয়েছি। এখন নিজেকেও একই রোগের সঙ্গে লড়তে হচ্ছে। আমার ছোট ভাইয়ের স্ত্রীও ব্রেন ক্যানসারে আক্রান্ত।’

তিনি জানান, পরিবারের চিকিৎসায় প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে। জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে। পরিবারটি এখন ঋণগ্রস্ত।

পরিবারের ছোট ছেলে আনোয়ার হোসেন (৩৮) হেপাটাইটিস-বি পজিটিভ। ২০২২ সালে বিয়ে করলেও এখনো সন্তান নিতে পারেননি। বড় মেয়ে রাশেদাও (৪২) হেপাটাইটিস-বিতে আক্রান্ত। হাবিবা খাতুনের (৩৭) পেটে আলসার ও পিত্তথলিতে পাথর রয়েছে। ছোট দুই বোন নাসিমা ও ফারহানা এখনো সুস্থ। তাদের বয়স ৩০-৩৩ বছর। তবে প্রায় ৪০ বছর বয়সে তিন ভাইয়ের ক্যানসারে মৃত্যু তাদের মনেও আতঙ্ক তৈরি করেছে।

বাড়ির পুরোনো ঘরগুলো এখন পরিবারের ভাঙনের সাক্ষী। মাটির তৈরি দোতলার ওপর মামুন অর রশিদের ঘরটি তার মৃত্যুর পর খালি পড়ে আছে। তার দুই সন্তানের একজন মায়ের সঙ্গে, অন্যজন নানির কাছে থাকে। ইসরাতের দাদিও মেয়ের বাড়িতে থাকেন। অন্য চাচারাও আলাদা সংসারে। একসময় যে বাড়িতে পাঁচ ভাইয়ের পরিবার নিয়ে কোলাহল ছিল, এখন সেখানে নীরবতাই বেশি।

মোহনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী ফেরদৌসী হক নিয়মিত পরিবারটির খোঁজ রাখছেন। সহায়তার সুযোগ পেলে পরিবারটিকে বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামীম বলেন, পরিবারটিকে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। রোগী কল্যাণ ফাউন্ডেশন থেকেও কিছু ওষুধের ব্যবস্থা করা হয়েছে। দুই শিশুর ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজন হলে রাজশাহীর এসওএস শিশু পল্লীর সঙ্গে যোগাযোগের প্রস্তুতিও রয়েছে।

আতানারায়ণপুরের এই পরিবারে ক্যানসার শুধু চারজনের প্রাণ নেয়নি; কেড়ে নিয়েছে স্বচ্ছলতা, সম্পদ ও নিরাপত্তা। সবচেয়ে বড় অনিশ্চয়তায় ফেলেছে বাবা হারানো ইসরাত ও জুনায়েদের জীবন। তবু ইসরাত রঙপেনসিল হাতে ছবি আঁকে, পড়াশোনার স্বপ্ন দেখে। হয়তো নতুন কোনো ছবিতে আবার একটি সুখী পরিবার আঁকবে সে। শুধু সেই ছবিতে বাবাকে আর ফিরিয়ে আনা যাবে না।

এখন পরিবারের একটাই আকুতি- অসুস্থ মায়ের চিকিৎসার পাশাপাশি এই দুই শিশুর শৈশব, পড়াশোনা ও ভবিষ্যৎ যেন ক্যানসারের নির্মম ছায়ায় হারিয়ে না যায়।

No comments