শিরোনাম

‘নারীরাও চালাতে পারে, দেখিয়ে দিতে পারব’

চ্যানেল টেন ডেস্কঃ

রাজধানীর ব্যস্ত সড়কে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে ‘মহিলা বাস’ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) উদ্বোধনের পর ঢাকা ছাড়াও বগুড়া ও চট্টগ্রামে এ সেবা চালু হচ্ছে।

সড়কে নামার আগে নিজেদের অনুভূতি জানিয়ে নারী চালকরা বলেছেন, যানজটপূর্ণ রাস্তায় বাস চালানোর জন্য তারা প্রস্তুত। প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেই তারা দায়িত্ব নিতে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ থেকে মতিঝিল রুটে বাস চালাবেন জান্নাতুল ফেরদৌসী। দীর্ঘদিন নারায়ণগঞ্জ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করা এই নারী চালক বলেন, পুরুষরা দীর্ঘদিন ধরে বাস চালালেও নারীদের জন্য বড় বাস পরিচালনার ক্ষেত্রে এটি নতুন একটি যাত্রা। সুযোগ ও সহযোগিতা পেলে নারীরাও দক্ষতার সঙ্গে বাস চালাতে পারবেন বলে তিনি মনে করেন।

জান্নাতুল ফেরদৌসী বলেন, দেশের যানজটপূর্ণ সড়কে বাস চালাতে তাদের আরও সহযোগিতা প্রয়োজন। নারীদের এগিয়ে আসার মাধ্যমে দেশের উন্নয়নেও ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন তিনি।

আরেক নারী চালক মোছা. সাথি খাতুন জানান, পিংক বাস সার্ভিসে দায়িত্ব নেওয়ার আগে তারা দীর্ঘ সময় প্রশিক্ষণ নিয়েছেন। ফলে যানজটপূর্ণ সড়কে বাস চালাতে খুব বেশি সমস্যা হবে না বলে তার বিশ্বাস।

চালক খাদিজাতুল রিমা জানান, মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগের পর গাজীপুরে বিআরটিসির অধীনে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রায় দেড় মাসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তারা পিংক বাস সার্ভিসে যুক্ত হয়েছেন।

সাথি খাতুন বলেন, তারা দেড় মাসের বেশি সময় ধরে প্রশিক্ষণ নিয়েছেন। নারী চালকদের মধ্যে অনেকেই বিআরটিসির প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তাই যানজটের মধ্যেও বাস চালানোর জন্য তারা প্রস্তুত এবং প্রশিক্ষণের কারণেই আত্মবিশ্বাসী।

No comments