শিরোনাম

শিশুর খাবারে নিষিদ্ধ রং ব্যবহার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় একটি মিশ্রি কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ টেক্সটাইল রং দিয়ে শিশুখাদ্য তাল মিশ্রি তৈরি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাতাসা-মিশ্রি উৎপাদন এবং পচা-পোকায় আক্রান্ত মিশ্রি পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৃন্দাবন পাড়ার ‘পূজা মিশ্রি ঘর’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কারখানাটি থেকে আনুমানিক ১০ মণ পচা ও পোকায় আক্রান্ত মিশ্রি জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

র‌্যাব-১২-এর সিপিএসসি বগুড়া, বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল মিয়া।

র‌্যাব জানায়, অভিযানে নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তাল মিশ্রি তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, নকল মোড়কে মিশ্রি বাজারজাতকরণ এবং পচা ও পোকাযুক্ত মিশ্রি পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে মোবাইল কোর্ট মামলা নম্বর ১৩৭/২০২৬-এর মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানার মালিক সুমা সরকারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১০ মণ পচা ও পোকাযুক্ত মিশ্রি জনসম্মুখে ধ্বংস করা হয়।

র‌্যাব-১২ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

No comments