শিরোনাম

পুলিশ সেজে থানার সামনেই ডিউটি, সঙ্গে ওয়াকিটকি-হুটার-খেলনা পিস্তল

চ্যানেল টেন ডেস্কঃ

গাজীপুরের টঙ্গীতে পুলিশ পরিচয়ে থানার কয়েক গজের মধ্যেই ডিউটি করার সময় আরিয়ান আহমেদ আলফি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি প্রাইভেট কার, ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য জানায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার আরিয়ান আহমেদ আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আলফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল, একটি সিগন্যাল লাইট ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, আলফি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে থানার কাছাকাছি এলাকায় ডিউটি করছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, পুলিশ সদস্য পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

No comments