শিরোনাম

জয়পুরহাট-ঢাকা রুটের বাসে র‌্যাবের অভিযান, ৫০ বোতল ফেয়ারডিলসহ আটক ১

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার চকরামচন্দ্রপুর এলাকায় কিচক-মোকামতলা সড়কে একটি মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মো. সিয়াম হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক সিয়াম হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বীরনগর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। র‌্যাবের দাবি, তার কাছ থেকে ৫০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন এবং আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।

No comments