শিরোনাম

হাজত থেকে ভিডিও বার্তা ছড়ানোর ঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি প্রত্যাহার

চ্যানেল টেন ডেস্কঃ

সাতক্ষীরা সদর থানা হাজতের ভেতর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সদর থানার ওসি মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় থানার ডিউটি অফিসার পিংকি রায় এবং সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুনকেও অন্যত্র বদলি করা হয়েছে।

তবে সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানিয়েছেন, ওসির বদলি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। তিনি বলেন, হাজতের ভেতরে ভিডিও ধারণের ঘটনায় কোনো কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওসি মাসুদুর রহমানকে প্রত্যাহারের পর সদর থানার দায়িত্ব পালন করছেন পরিদর্শক (তদন্ত) শাহেদুর রহমান। তিনি জানান, ওসি পুলিশ লাইন্সে যোগ দিয়েছেন এবং আপাতত তিনি থানার দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, ডিউটি অফিসার পিংকি রায়কে শ্যামনগর থানায় এবং সহকারী ডিউটি অফিসার এনিভা খাতুনকে কালীগঞ্জ থানায় বদলি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আলমগীর হোসেন হাজতের ভেতর থেকে ১৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন, যা পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, ১৫ আগস্ট দুপুরে কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী থানা হাজতে আটক ছিলেন। এ সময় একজন ব্যক্তি থানায় এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পুলিশের অগোচরে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ঘটনাটি থানার সিসিটিভি ক্যামেরায়ও ধারণ হয়েছে বলে জানা গেছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। পরে ওসি মাসুদুর রহমানের অপসারণ ও শাস্তির দাবিতে শহরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল।

এর কয়েক ঘণ্টা পরই রাতে ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

তবে পুলিশ সুপার দাবি করেন, এসব বদলির সঙ্গে ভিডিও বিতর্কের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, পুলিশ বিভাগে নিয়মিতভাবে বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। একইসঙ্গে ভিডিও ধারণের ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়টিও তদন্ত করে দেখা হবে।

No comments