শিরোনাম

স্বেচ্ছাসেবকলীগ ও স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় ভাড়া বাসায় ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক নেতা ও স্বেচ্ছাসেবক দলনেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তির স্ত্রীকে শ্লীলতাহানি এবং বাসা থেকে নগদ এক লাখ টাকা ও প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করা হয়েছে। 

হামলার পর নিরাপত্তাহীনতায় পুরো পরিবার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় মোছা. রাশেদা খাতুন (২২) বাদী হয়ে বগুড়া সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। 

মামলার এজাহারে অভিযুক্তরা হলেন সঞ্জিত (৩৫), সাগর (৩৩), জনি মিয়া (২৫), রনি (২৭) ও নাহিদ (২৬)। তারা বগুড়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট রাশেদা খাতুন ও তার স্বামী ফিরোজ আলম (২৬) বগুড়া সদর থানাধীন সবুজবাগ এলাকায় তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাবুলের একটি টিনশেড বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 

গত ৬ আগস্ট রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় নাহিদ বাসার প্রধান ফটক খুলে দিলে অভিযুক্তরা লাঠি, লোহার রড, রামদা ও বার্মিজ চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করেন।

এ সময় এজাহারে ১ নম্বর আসামির নির্দেশে অন্যরা ফিরোজ আলমকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে সাগর ও জনি মিয়া রামদা দিয়ে ফিরোজের মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি হাত দিয়ে প্রতিহত করলে তার হাতে গুরুতর কাটা জখম হয়। এছাড়া ঘাড়, পাঁজর ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাগর রাশেদা খাতুনের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বাসা থেকে নগদ এক লাখ টাকা এবং রাশেদার কানে থাকা প্রায় চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল ও গলায় থাকা প্রায় চার আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৮৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে গুরুতর আহত ফিরোজ আলমকে একটি অটোরিকশায় করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মামলার বাদী রাশেদা খাতুন বলেন, হামলার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভয়ে পুরো পরিবার আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments