শিরোনাম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন কাহালুর রাজিব আহমেদ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু উপজেলার জন্য এটি এক গৌরবের অর্জন। উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের সন্তান অ্যাডভোকেট রাজিব আহমেদ (মিলন) বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ নিয়োগে কাহালু উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

রাজিব আহমেদ (মিলন) শিক্ষাজীবনের শুরু থেকেই ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী। তিনি বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন ধরে আইন পেশায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি নিজেকে একজন সফল ও যোগ্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই নিয়োগকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কাহালু উপজেলার জন্যও একটি মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, রাজিব আহমেদ (মিলনের) এই সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণ এবং আইন পেশায় আত্মনিয়োগে উৎসাহিত করবে। তাঁর নিয়োগের খবরে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং কাহালুর সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

সবার প্রত্যাশা, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা এবং রাষ্ট্রের আইনগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কাহালুর কৃতিসন্তান রাজিব আহমেদ (মিলনের) এই অর্জনে গর্বিত পুরো কাহালুবাসী। তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন এলাকাবাসী।

No comments