ডিগ্রি-সনদ ছাড়াই চিকিৎসা, বগুড়ায় কথিত ভুয়া চিকিৎসককে জরিমানা-কারাদণ্ড
বগুড়ার শেরপুর পৌরসভার স্যানালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিগ্রি ও সনদবিহীন এক কথিত চিকিৎসককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে স্যানালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুনীল কুমার বিশ্বাস। তিনি রামচন্দ্র বিশ্বাসের ছেলে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সুনীল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সনদ ছাড়াই রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি ব্যবস্থাপত্র প্রদান, নিষিদ্ধ ওষুধ প্রেসক্রাইব এবং শল্য চিকিৎসার মতো কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় তার চেম্বারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অপারেশনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সুনীল কুমার বিশ্বাসকে এক লাখ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments