কেন নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক এই বন্যা, কেন এত প্রাণহানি
তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বুধবারের ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্যোগ আঘাত হানার কয়েক ঘণ্টা পরও কয়েক শ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
চীন-নেপাল সীমান্তের একটি নদীর দুই কূল উপচে তীব্র স্রোতে নেমে আসে কাদা ও ধ্বংসাবশেষ। এতে বহু ভবন কাদামাটি ও পানির নিচে চাপা পড়েছে। সেখানে আটকে পড়াদের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
নেপাল পুলিশ অন্তত ৯৫ জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে। তবে দুর্যোগ আঘাত হানার ৮ ঘণ্টা পরও ৩৮৪ জন পর্যটকের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ এই পর্যটকদের মধ্যে ২৯১ জনই বিদেশি।
এই পরিসংখ্যান প্রকাশ করেছে নেপালের পর্যটন বোর্ড। তারা জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিকেরা রয়েছেন।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আকস্মিক এই বন্যার ঘটনায় তিব্বতের গিরংয়ে তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২৬৫ জন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নেপাল সীমান্তের তিব্বত বাণিজ্যকেন্দ্রে ভূমিধসে ‘ব্যাপক হতাহতের’ ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ‘সর্বাত্মক’ অভিযানের নির্দেশ দিয়েছেন।
নেপালের রাজু ভাদেল (৫৬) বলেন, ‘আজ সকালে আমার ভগ্নিপতি আমাকে ফোন করেছিলেন। তাঁরা কাঁদছিলেন এবং বলছিলেন যে তাঁদের পুরো বাড়িটি বন্যার পানিতে ভেসে গেছে। পরিবারের তিন সদস্যকে উদ্ধার করা গেলেও তাঁর ভাই এখনো নিখোঁজ।’
নেপাল পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, নদীর তীব্র পানির তোড়ে বাড়িঘর ভেসে যাচ্ছে। আর বার্তা সংস্থা এএফপির ছবিতে দেখা যায়, কাদামাটির নিচ থেকে একটি বাড়ির শুধু ওপরের অংশটি জেগে রয়েছে।
পুলিশের এক মুখপাত্র এর আগে এএফপিকে জানিয়েছিলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো স্পষ্ট নয়। তবে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে তাঁরা সতর্ক করেছেন।

No comments