শিরোনাম

বগুড়ার রঞ্জু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আব্দুর রহিম রিফাত, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল সাকিব ওরফে রোজ (২৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ঢাকার পল্লবী এলাকার ডলি কটেজের সামনে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র‍্যাব-৪-এর সদর কোম্পানীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গত ২০ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার ঘাসিড়া পশ্চিমপাড়া এলাকায় একটি ইটভাটার পাশে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত স্বজনদের উদ্ধার করতে গেলে রঞ্জু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার এড়াতে ঢাকার পল্লবী এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে র‍্যাব-১২ ও র‍্যাব-৪-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল সাকিব ওরফে রোজের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিসাকান্দি মধ্যপাড়া গ্রামে। তার পিতার নাম মো. শহিদুল ইসলাম।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

No comments