শিরোনাম

নিজের কিডনি দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী আকলিমা

ভালোবাসার বিরল দৃষ্টান্ত স্থাপন করেও স্বামীকে বাঁচাতে পারলেন না চাঁদপুরের ফরিদগঞ্জের গৃহবধূ আকলিমা বেগম (২৬)। নিজের কিডনি দান করার পরও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁর স্বামী দেলোয়ার হোসেন (৪২)।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা গ্রামের পাঠান বাড়িতে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসফেরত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনি জটিলতায় ভুগছিলেন। স্বামীর জীবন রক্ষায় নিজের একটি কিডনি দিতে রাজি হন আকলিমা। গত ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আকলিমার কিডনি দেলোয়ারের শরীরে প্রতিস্থাপন করা হয়।

প্রথম দুই দিন শারীরিক অবস্থার উন্নতি হলেও পরবর্তীতে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত মঙ্গলবার রাতে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এই দম্পতির ঘরে দুটি অবুঝ কন্যাসন্তান রয়েছে। দেলোয়ারের অকালমৃত্যু এবং অসুস্থ আকলিমার আহাজারিতে পুরো পরিবারে শোকের মাতম চলছে। স্বামীকে হারানোর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আকলিমা; বর্তমানে তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।

No comments