শিরোনাম

বগুড়ায় আলোচিত হৃদয় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তৌফিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও রাব্বি। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার কৈপাড়া পুকুরপাড় এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হাফেজ রাকিবুল হাসান হৃদয়। এ সময় সাদ্দাম হোসেন স্বাধীন তার সহযোগীদের নিয়ে হৃদয়ের দোকানে এসে চাঁদা দাবি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

হৃদয় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্বাধীন ও তার সহযোগীরা হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

হৃদয়ের চিৎকার শুনে তার বাবা কড়িতলা এসএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত হৃদয় ও তার বাবাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরদিন ২১ জুলাই সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত হৃদয়ের মা মোছা. আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় সাদ্দাম হোসেন স্বাধীনসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে পুলিশ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে সোমবার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

মামলার অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং মামলার অন্যান্য পারিপার্শ্বিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান বলেন, মাননীয় আদালত মামলার আইনগত ও সার্বিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সঠিক রায় প্রদান করেছেন। এই রায়ে আমরা সন্তুষ্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলাটি পরিচালনা করেছেন এবং আদালতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

তিনি আরও বলেন, আসামিরা আদালতে নিজেদের দোষ স্বীকার করেনি। তবে সাক্ষ্য-প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং মামলার অন্যান্য উপাদানের মাধ্যমে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, ঘটনার সময় নিহত হৃদয়ের বাবা ও মা প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, দৃষ্টান্তমূলক এ রায়ের মাধ্যমে সমাজে অপরাধপ্রবণতা কমবে। বিশেষ করে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংঘটনের ক্ষেত্রে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে। আমরা আশা করি, রায়টি দ্রুত কার্যকর হবে এবং সমাজে ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

No comments