ফার্মেসি ব্যবসায়ী জামায়াতকর্মীর দেহ তল্লাশি করে মিলল ৪৫ পিস ইয়াবা
বগুড়ার শাজাহানপুরে মারুফ হাসান বাবু (৩৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া বন্দরের কালিবাড়ী রোডে তার মালিকানাধীন বিলাসী মেডিসিন স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ উপজেলার চক চোপিনগর উত্তরপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মাঝিড়া কালিবাড়ী রোডে একটি ওষুধের দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে জেলা ডিবির এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম।
পুলিশের দাবি, মারুফ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। ঘটনার দিনও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
এদিকে মারুফকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচয় দেওয়া হয়েছে। এমনকি তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ছবিতেও তাকে জামায়াতে ইসলামীর একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেছে। এসব পোস্টে তিনি নিজেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণের ছবি তার নিজস্ব ফেসবুকে প্রকাশ করেছেন।
তবে এ বিষয়ে চোপিনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. সালেকুর রহমান বলেন, মারুফ জামায়াতে ইসলামীর কোনো শাখায় কখনো সাংগঠনিক দায়িত্বে ছিলেন না এবং বর্তমানে কোনো দায়িত্বেও নেই। তাকে জামায়াতের নিয়মিত কোনো কর্মসূচিতেও সক্রিয়ভাবে দেখা যায়নি। তবে ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতের কিছু কর্মসূচিতে শ্রমিক কল্যাণ শাখার পক্ষ থেকে তাকে দেখা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, ইয়াবাসহ আটক মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments