বগুড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার , গ্রেপ্তার ৩
বগুড়া সদরের ঠেঙ্গামারা ও মাটিডালা এলাকার সীমান্তবর্তী করতোয়া নদীর তীরে জঙ্গলঘেরা সন্ত্রাসীদের গোপন আস্তানায় ডিবি অভিযান চালিয়ে চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে । সেইসাথে ওই আস্থানা থেকে একটি বিদেশি রিভলবার, দেশীয় অস্ত্র, মাদক, নগদ টাকা এবং নির্যাতনের কাজে ব্যবহৃত একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক শকার উদ্ধার করা হয়েছে।
ডিবির অভিযানে অংশ নেওয়া এসআই শামীম আহমেদ জানান, ডিবি ওসি মো, ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির তিনটি দল করতোয়া নদীর তীরে একটি পেপার মিল ও টিএমএসএস কারখানার পেছনের নির্জন এলাকায় তাঁবু ও পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী আস্তানায় অবস্থান করে একটি চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত দশটার দিকে ওই আস্থানাটি ঘিরে ফেলে।
এরপর সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের তিনটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় চক্রের কথিত প্রধান রকি, তাঁর সহযোগী রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আরও পাঁচ থেকে সাতজন সদস্য করতোয়া নদী সাঁতরে পালিয়ে যান।

No comments