শিরোনাম

গাবতলী দূর্গাহাটাতে ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, পৈতৃক/ওয়ারিশসূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছিলেন আমিরুল ইসলাম ও তার পরিবার। জমির কিছু অংশ নিজেদের দাবি করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে, ভুক্তভোগী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা ১৫-২০ জন ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ভুক্তভোগীর ভাইয়ের স্ত্রী বিলকিছ বেগমকে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করার অভিযোগ ওঠে। তাকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর আরও অভিযোগ, পরিবারের সদস্যরা প্রাণভয়ে সরে গেলে অভিযুক্তরা বিরোধপূর্ণ সম্পত্তি দখলের উদ্দেশ্যে টিনের ঘর নির্মাণ করেন এবং বসতবাড়ি ভাঙচুর করে চলে যান। যাওয়ার সময়ও বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় কয়েকজন স্থানীয় ব্যক্তি প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগপত্রে উল্লেখ রয়েছেন। ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

No comments