মাদক ও জুয়ার প্রতিবাদ করে হামলার শিকার শিক্ষক আরিফুল মারা গেছেন
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন। টানা ২১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফুল আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের বাসিন্দা। গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিজ এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আরিফুল। তিনি সংশ্লিষ্টদের এসব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান এবং তা না হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর সতর্কতা দেন। এর জেরেই রহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় মাথায় গুরুতর আঘাত পান আরিফুল। প্রথমে লালমনিরহাট ও রংপুরে চিকিৎসার পর তাকে ঢাকায় নেওয়া হয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
সবচেয়ে বেদনাদায়ক বিষয়, গত ৬ আগস্ট আরিফুলের স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দিলেও মৃত্যুর আগে নবজাতক সন্তানের মুখ দেখে যেতে পারেননি তিনি।
এ ঘটনায় আরিফুলের বাবা বাদী হয়ে রহিদুলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি রহিদুলকে ১২ আগস্ট ঢাকার নয়াটোলা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
আরিফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

No comments